১ম অধ্যায়: বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি
১.১ ► মাধ্যম ও উপকরণের ব্যবহার
দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয়।
ক) যোগাযোগের মাধ্যম
নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো। তুমি কী উদ্দেশ্যে, কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো, তার একটি উদাহরণ দাও। (মূল বইয়ের ১ নম্বর পৃষ্ঠা)
যোগাযোগের মাধ্যম | যেভাবে যোগাযোগ করা হয় | কী উদ্দেশ্যে, কার সঙ্গে যোগাযোগ করি? |
প্রত্যক্ষ মাধ্যম | যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। | দৈনন্দিন সাধারণ প্রয়োজনে পরিবারে সদস্য, প্রতিবেশি, বন্ধু—সহপাঠীদের সাথে। |
লিখিত মাধ্যম | যখন লিখে যোগাযোগ করা হয়। | আবেদন জানানোর জন্য প্রধান শিক্ষক, খোঁজ—খবর নেওয়ার জন্য দূরবর্তী বন্ধু বা আত্মীয়—স্বজন। |
যান্ত্রিক মাধ্যম | যখন যোগাযোগে যন্ত্রের ব্যবহার হয়। | দৈনন্দিন সাধারণ প্রয়োজনে বন্ধু বা আত্মীয়—স্বজনদের সাথে যোগাযোগ। |
খ) যোগাযোগের উপকরণ
নিচে যোগাযোগের মাধ্যম এবং যেসব উপকরণ ব্যবহার করা হয়, তা দেখানো হলো। এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো, তা ডানের কলামে লেখো: (মূল বইয়ের ১ নম্বর পৃষ্ঠা)
যোগাযোগের মাধ্যম | যোগাযোগের উপকরণ | কোন কোন উপকরণ ব্যবহার করি? |
প্রত্যক্ষ মাধ্যম | বাক্প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত। | বাক্প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত ইত্যাদি। |
লিখিত মাধ্যম | কাগজ, কলম, পেনসিল, বই, হোয়াইটবোর্ড, পত্রিকা, দেয়ালপত্রিকা, ছবি। | কাগজ, কলম, বই, হোয়াইটবোর্ড, পত্রিকা, দেয়ালপত্রিকা, ছবি ইত্যাদি। |
যান্ত্রিক মাধ্যম | মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউডস্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার। | মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, ক্যামেরা ইত্যাদি। |
১.২ ► যোগাযোগের নমুনা বিশ্লেষণ
নিচে কয়েকটি যোগাযোগের নমুনা দেওয়া হলো। নমুনাগুলোয় যেসব মাধ্যম ও উপকরণ ব্যবহার করা হয়েছে, সেগুলোর দিকে খেয়াল রাখো এবং নমুনার শেষে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তর সংশোধন করো। (মূল বইয়ের ৩ নম্বর পৃষ্ঠা)
নমুনা-১
কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? | প্রত্যক্ষ ও লিখিত মাধ্যম। |
যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? | বাক্প্রত্যঙ্গ, কান, হাত, চোখ, কলম, বই, ব্ল্যাকবোর্ড ইত্যাদি। |
এই যোগাযোগের উদ্দেশ্য কী? | শিক্ষার্থীদের পাঠদান করা। |
এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত? | যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। উপকরণ হিসেবে মাইক্রোফোন এবং লাউডস্পিকার ব্যবহার করা যেত। |
নমুনা-২
কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? | লিখিত মাধ্যম। |
যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? | আমন্ত্রণত্র (চিঠি)। |
এই যোগাযোগের উদ্দেশ্য কী? | নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। |
এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত? | যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। উপকরণ হিসেবে মোবাইল ফোন ব্যবহার করা যেত। |
নমুনা-৩
কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? | যান্ত্রিক মাধ্যম। |
যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? | ইমেইল (মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে) |
এই যোগাযোগের উদ্দেশ্য কী? | শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে অবগত করা। |
এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত? | প্রত্যক্ষ মাধ্যম এবং লিখিত মাধ্যম ব্যবহার করা যেত। প্রত্যক্ষ মাধ্যমে বাক্যন্ত্র, কান-চোখ এবং লিখিত মাধ্যমে নোটিশ, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যেত। |
নমুনা-৪
কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? | যান্ত্রিক মাধ্যম। |
যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? | কম্পিউটার। |
এই যোগাযোগের উদ্দেশ্য কী? | অফিসের মিটিংয়ে অংশগ্রহণ করা। |
এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত? | প্রত্যক্ষ মাধ্যমে হতে পারত। বাক্যন্ত্র, কান-চোখ ইত্যাদি ব্যবহার করা যেত। |
নমুনা-৫
‘আগুনে পরশমণি’ সাহিত্য-নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: (মূল বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠা)
কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কী? | লিখিত মাধ্যমে। যোগাযোগের অন্যান্য মাধ্যমে বাক্যন্ত্র, কান-চোখ, বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়। যা লিখিত মাধ্যমে ব্যবহার হয় না। |
যোগাযোগে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে? একজন লেখক লেখার সময়ে কী কী উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময়ে কী কী উপকরণ ব্যবহার করে থাকেন? | বই ব্যবহার হয়েছে। একজন লেখক লেখার সময়ে কলম, কাগজ, ছবি ইত্যাদি উপকরণ ব্যবহার করেন। অপরদিকে একজন প্রকাশক প্রকাশের সময়ে কাগজ-কালি, কম্পিউটার, ছাপা মেশিন, আঠা ইত্যাদি ব্যবহার করেন। |
এই যোগাযোগের উদ্দেশ্য কী? উপরের সাহিত্য-নমুনায় লেখক কী ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন? | পাঠককে মুক্তিযুদ্ধের সময়ের পরিস্থিতি সম্পর্কে জানানো। এ সাহিত্য-নমুনায় লেখক মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধারা কোনো একটি অপারেশনের প্রস্তুতি নিতে যাচ্ছেন, এমন অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন। |
এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত? ভিডিওর মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কী কী উপকরণের প্রয়োজন হবে? | যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত এবং উপকরণ হিসেবে মোবাইল, টেলিভিশন, প্রজেক্টর, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করা যেত। ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার ক্ষেত্রে ভিডিও ক্যামেরা, সাউন্ড রেকর্ডার, কম্পিউটারের প্রয়োজন হবে। |
১.৩ ► বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ
দলে ভাগ হও। প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ের বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করো। সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কী কী উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে, তা আলোচনা করে ঠিক করো। এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো। নিচে কিছু নমুনা বিষয় দেওয়া হলো। (মূল বইয়ের ১৪ নম্বর পৃষ্ঠা)
বিদ্যালয়ের সমস্যা:
১. বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
২. বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম।
৩. বিদ্যালয়ের সামনে শব্দদূষণ।
এলাকার সমস্যা:
১. বিদ্যালয়ে আসা-যাওয়ার পথের খারাপ অবস্থা।
২. বিদ্যালয়ের সামনে রিকসা ও গাড়ির জট।
৩. বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই।
১.৩ এর নমুনা সমাধান
বিদ্যালয়ের সমস্যা:
১. বিদ্যালয়ের খেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।
- যার সাথে যোগাযোগ করব: প্রধান শিক্ষক
- যে মাধ্যমে যোগাযোগ করব: লিখিত মাধ্যম।
- যে উপকরণ ব্যবহার করব: কাগজ, কলম ইত্যাদি।
- যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ: উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের প্রধান শিক্ষকের সাথে লিখিত যোগাযোগ করব। আমরা সমস্যাটি নিয়ে দলে আলোচনা করেছি এবং যোগাযোগের জন্য নিচে উল্লেখিত আবেদনপত্রটি তৈরি করেছি।
তারিখ: ০৫/০১/২০২৪
বরাবার,
প্রধান শিক্ষক
পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ।
বিষয়: বিদ্যালয়ের খেলার মাঠ উপযোগী করার আবেদন প্রসঙ্গে।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক নিবেন করছি যে, আমাদের বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে খেলাধুলা করার অনুপযোগী হয়ে পড়ে আছে। মাঠের বিভিন্ন স্থানে খানা-খন্দে ভরা, বড় বড় গর্ত এবং গাছের ডালপালায় ভরে আছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে, তাদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে।
অতএব, জনাবের কাছে বিনী প্রাথনা, যত শীঘ্র সম্ভব আমাদের বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কার করে আমাদের খেলাধুলার করার ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
বিনীত নিবেদন,
আপনার একান্ত অনুগত
নবম শ্রেণির শিক্ষার্থীরা (বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে)
পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ।
——————————————————————
২. বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয় বইয়ের সংখ্যা কম।
- যার সাথে যোগাযোগ করব: লাইব্রেরিয়ান।
- যে মাধ্যমে যোগাযোগ করব: প্রত্যক্ষ মাধ্যম।
- যে উপকরণ ব্যবহার করব: বাক্যন্ত্র, কান, চোখ ইত্যাদি।
- যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ: উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিয়ানের সাথে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করব। আমরা সমস্যাটি নিয়ে দলে আলোচনা করেছি এবং যোগাযোগের জন্য নিচে উল্লেখিত কথোপকথন তৈরি করেছি।
রাজু: আসসালামু-আলাইকুম স্যার, কেমন আছেন?
লাইব্রেরিয়ান: ওয়ালাইকুম-আসসালাম; আমি ভালো আছি, তোমরা কেমন আছ?
রাজু: আমরা ভালো আছি। স্যার, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার শরণাপন্ন হয়েছি।
লাইব্রেরিয়ান: হ্যাঁ, অবশ্যই। নির্দিধায় বলো।
মীনা: স্যার, আমরা বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি, আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই। অল্প কিছু সংখ্যক বই আছে, তবে প্রয়োজনীয় বইগুলোর বেশিরভাগই নেই। আমরা চাই, আরো কিছু বই স্কুলের লাইব্রেরিতে যুক্ত হোক।
লাইব্রেরিয়ান: এটা খুবই ভালো প্রস্তাব। তোমরা কী আমাকে বলবে, তোমরা কী ধরনের বই চাও যা লাইব্রেরিতে নেই?
রাজু: ধন্যবাদ স্যার। আমাদের লাইব্রেরিতে গল্পের বইয়ের ভালো সংগ্রহ রয়েছে। তবে, ইতিহাস, ভ্রমণ, আত্মজীবনী ও বিজ্ঞান সংশ্লিষ্ট বইগুলো খুব একটা নেই। তাই আমরা চাই, এ ধরনের বইগুলো আরো বেশি পরিমাণে যুক্ত হোক।
লাইব্রেরিয়ান: তোমাদের চাহিদার কথা জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই এই সমস্যাটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলব। আমি আশা করছি, তিনি অবশ্যই তোমাদের চাওয়াটাকে গুরুত্ব দেবেন।
মীনা: আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
লাইব্রেরিয়ান: তোমাদেরকেও অভিনন্দন!
——————————————————————
৩. বিদ্যালয়ের সামনে শব্দদূষণ।
- যার সাথে যোগাযোগ করব: প্রধান শিক্ষক।
- যে মাধ্যমে যোগাযোগ করব: লিখিত মাধ্যম।
- যে উপকরণ ব্যবহার করব: কাগজ, কলম ইত্যাদি।
- যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ: উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের প্রধান শিক্ষকের সাথে লিখিত যোগাযোগ করব। আমরা সমস্যাটি নিয়ে দলে আলোচনা করেছি এবং যোগাযোগের জন্য নিচে উল্লেখিত আবেদনপত্রটি তৈরি করেছি।
তারিখ: ০৭/০১/২০২৪
বরাবার,
প্রধান শিক্ষক
পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ।
বিষয়: বিদ্যালয়ের সামনে শব্দদূষণ বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ প্রসঙ্গে।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক নিবেন করছি যে, আমাদের বিদ্যালয়টি একটি ব্যস্ত সড়কের পাশে অবস্থিত। সড়কে প্রচুর যানবাহন চলে এবং উচ্চ শব্দে হর্ন বাজায়। এর ফলে বিভিন্ন যানবাহনের শব্দে শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ দিতে পারে না, আমাদের পাঠগ্রহণ বাধাগ্রস্থ হয়।
অতএব, আপনার কাছে আকুল প্রার্থনা, আমাদের স্কুল সংলগ্ন সড়কে ক্লাস চলাকালীন সময়ে যেন শব্দদূষণ না হয় সেই ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
বিনীত নিবেদন,
আপনার একান্ত অনুগত
নবম শ্রেণির শিক্ষার্থীরা (বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে)
পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ।
——————————————————————
এলাকার সমস্যা:
১. বিদ্যালয়ে আসা-যাওয়ার পথের খারাপ অবস্থা।
- যার সাথে যোগাযোগ করব: স্থানীয় চেয়ারম্যান।
- যে মাধ্যমে যোগাযোগ করব: লিখিত মাধ্যম।
- যে উপকরণ ব্যবহার করব: কাগজ, কলম ইত্যাদি।
- যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ: উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের স্থানীয় চেয়ারম্যানের সাথে লিখিত যোগাযোগ করব। আমরা সমস্যাটি নিয়ে দলে আলোচনা করেছি এবং যোগাযোগের জন্য নিচে উল্লেখিত আবেদনপত্রটি তৈরি করেছি।
১০/০১/২০২৪
পলাশডাঙ্গা, কিশোরগঞ্জ
বরাবার,
মাননীয় চেয়ারম্যান
বিষয়: বিদ্যালয় সংলগ্ন রাস্তা সংস্কার প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন করছি যে, আমরা স্থানীয় পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের স্কুল সংলগ্ন রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। রাস্তার মধ্যে খানা-খন্দে ভরা, কোথাও পিচ ঢালাই অবশিষ্ট নেই। প্রায় প্রতিনিয়তই রাস্তার বড় বড় গর্তে পড়ে বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে বৃষ্টির দিনে রাস্তায় প্রচুর কাদা-পানি জমে থাকায় শিক্ষার্থীরা ভালোভাবে স্কুলে যেতে পারে না।
অতএব, জনাবের নিকট বিশেষ প্রার্থনা, আমাদের স্কুল সংলগ্ন রাস্তাটি সংস্কার করে স্কুলগামী শিক্ষার্থী তথা গ্রামাবাসীর দৈনন্দিন দুর্দশা লাঘব করবেন।
বিনীত নিবেদন
আপনার একান্ত অনুগত
মাহিম,
শিক্ষার্থী, নবম শ্রেণি, পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়,
কিশোরগঞ্জ।
——————————————————————
২. বিদ্যালয়ের সামনে রিকসা ও গাড়ির জট।
- যার সাথে যোগাযোগ করব: জেলা প্রশাসক।
- যে মাধ্যমে যোগাযোগ করব: যান্ত্রিক মাধ্যমে।
- যে উপকরণ ব্যবহার করব: ল্যাপটপ, ইন্টারনেট।
- যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ: উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের জেলা প্রশাসকের সাথে যান্ত্রিক যোগাযোগ করব। আমরা সমস্যাটি নিয়ে দলে আলোচনা করেছি এবং যোগাযোগের জন্য নিচে উল্লেখিত ইমেইলটি তৈরি করেছি।
From : edumarkbd5@gmail.com
Sent : 12 January, 2024. 10:45 AM.
Subject : বিদ্যালয়ের সামনে যানজট দূরকরণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ প্রসঙ্গে।
মাননীয় জেলা প্রশাসক মহোদয়,
আমরা আপনার কিশোরগঞ্জ জেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা খুবই মারাত্মক একটি সমস্যা নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের বিদ্যালয়ের সামনের সড়কে চলাচলের নানা অব্যবস্থাপনার কারণে প্রায় প্রতিদিনই রিক্সাসহ অন্যান্য যানজট লেগেই থাকে। এই যানযটের কারণে বিদ্যালয়ে প্রবেশ করতে আমাদের প্রায়ই দেরী হয়।
তাই আপনার প্রতি বিশেষ অনুরোধ, আমাদের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটিতে একটি ট্রাফিক পয়েন্ট করে সেখানে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবেন।
অনুরোধক্রমে,
মাহিম,
পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের পক্ষে
কিশোরগঞ্জ।
——————————————————————
৩. বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই।
- যার সাথে যোগাযোগ করব: স্থানীয় চেয়ারম্যান।
- যে মাধ্যমে যোগাযোগ করব: প্রত্যক্ষ মাধ্যম।
- যে উপকরণ ব্যবহার করব: বাক্যন্ত্র, চোখ, কান ইত্যাদি।
- যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ: উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের স্থানীয় চেয়ারম্যানের সাথে প্রত্যক্ষ যোগাযোগ করব। আমরা সমস্যাটি নিয়ে দলে আলোচনা করেছি এবং যোগাযোগের জন্য নিচে উল্লেখিত কথোপকথন তৈরি করেছি।
রাজু: আসসালামু-আলাইকুম চেয়ারম্যান চাচা, ভালো আছেন?
চেয়ারম্যান: হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা ভালো আছ?
রাজু: হ্যাঁ চাচা, আমরাও ভালো আছি। চাচা, আমরা বেশ কয়েকদিন যাবৎ আপনার সাথে সাক্ষাতের চেষ্টা করছিলাম। আপনার সাথে আমাদের বেশ জরুরী একটি বিষয়ে আলাপ ছিল।
চেয়ারম্যান: হ্যাঁ, অবশ্যই। নির্দিধায় বলে ফেল।
মীনা: আসলে চাচা, আপনি তো জানেন আমরা পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। বিদ্যালয়ে যাওয়ার পথে আমাদের একটি খাল পাড় হতে হয়। অথচ দুঃখজনক হলেও সত্য যে, খালটির ওপর কোনো সেতু নেই।
রাজু: হ্যাঁ চাচা, খালের উপর দিয়ে চলাচলের জন্য বাঁশের একটি অস্থায়ী সাঁকো আছে। যা বেশ নড়বড়ে। এই সাঁকোটি এখন ঝুঁকিপূর্ণ বলে অনেক শিক্ষার্থীই খাল পাড় হতে ভয় পায়। ফলে তারা নিয়মিত স্কুলে যেতে পারে না।
মীনা: তাই চেয়ারম্যান চাচা, আমাদের দাবী, এই খালটির উপর একটি স্থায়ী সেতু নির্মাণের। একটি পাকা সেতু হলে আমরা নিরাপদে স্কুলে যেতে পারব এবং গ্রামের অন্যান্য বাসিন্দারাও অনেক উপকৃত হবেন।
চেয়ারম্যান: আচ্ছা, তোমাদের সমস্যাটির ব্যপারে শুনলাম। এটা সত্যিই বেশ বড় একটি সমস্যা। আমি আমার তোমাদের এই সমস্যাটির কথা আমার ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। আমি আশা করছি, তোমাদের এই সমস্যাটির তীব্রতা বুঝতে পেরে তাঁরা খুব শীঘ্রই একটি সেতুর জন্য অর্থ বরাদ্দ দেবেন।
রাজু: আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা।
চেয়ারম্যান: তোমাদেরকেও অভিনন্দন!
——————————————————————
